নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. শাহাবুদ্দিনকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদের বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে বিদ্যালয়-সংলগ্ন একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত শিক্ষক মো. শাহাবুদ্দিনের মাথায় আঘাত লাগে।
আহত শিক্ষককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন।
ভুক্তভোগীর অভিযোগ, প্রভাবশালী একটি মহল তাকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া এবং থানায় মামলা করতে বাধা দিচ্ছে। এমনকি তাকে বাড়ি থেকেও বের হতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে বিএনপি নেতা আব্দুল মজিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. ইব্রাহিম খলিল বলেন, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

