আমদানি বিল পরিশোধে মার্কিন ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রাবাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তঃব্যাংক বাজার, বাণিজ্যিক ব্যাংক ও খোলা বাজার—সব ক্ষেত্রেই ডলারের দাম বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই আন্তঃব্যাংক বাজারে প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ১২৩ টাকা ৮২ পয়সা। স্পট মার্কেটে বিক্রি হয়েছে ১২৩ টাকা ৮৮ পয়সায়। তবে আমদানি দায় পরিশোধে কিছু বাণিজ্যিক ব্যাংককে প্রতি ডলার ১২৩ টাকা ৯৫ পয়সা পর্যন্ত দিতে হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি, আমদানি ব্যয় বেড়ে যাওয়া এবং রপ্তানি আয়ের তুলনায় ডলার ব্যয়ের পরিমাণ বেশি হওয়ায় এ সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে ঈদের পর রেমিট্যান্স প্রবাহও কিছুটা কমে যাওয়ায় বাজারে চাপ আরও বেড়েছে।
ডলারের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ১২৩ টাকা ৮২ পয়সার বেশি দামে ডলার না কেনার মৌখিক নির্দেশনা দিয়েছে।
এদিকে রাজধানীর খোলা বাজারে প্রতি ডলার ১২৬ টাকা ৭০ থেকে ১২৬ টাকা ৮০ পয়সায় বিক্রি হচ্ছে, যা এক মাস আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

