আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের সেলাই মেশিন মিস্ত্রি মো. মজিদুল সরকারের বড় ছেলে নজিবুল সরকার বিশাল। শহীদ বিশালের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
মঙ্গলবার দুপুরে শহীদ বিশালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুল রহমান সাঈদ। এ সময় তিনি শহীদ বিশালের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পরে সংসদ সদস্য শহীদ বিশালের বাড়িতে গিয়ে মিলাদে অংশ নেন এবং পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের নেতা প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডা. সুজাউল করিম, ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ারুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

