আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): চা-পান ও সিগারেটের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বেড়াখাই বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বেড়াখাই গদাইপুর গ্রামের মৃত সামছুদ্দিনের ছেলে মো. নছির মণ্ডল (৬৫) এবং তার স্ত্রী অলেদা বেগম (৫০)। এ সময় তাদের হেফাজত থেকে গাঁজার কয়েকটি পুরিয়া উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার শাহনাজ বেগমের দিকনির্দেশনায় পাঁচবিবি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলামের কৌশলগত পরামর্শে এসআই মো. সোবহান হোসেন, এসআই মো. আসাদুজ্জামান ও এএসআই মো. দুলাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বেড়াখাই বাজারে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নছির মণ্ডল ও তার স্ত্রীকে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী বেড়াখাই বাজারে চা, পান ও সিগারেট বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল। থানায় যোগদানের পর থেকেই বিশেষ করে মাদক ও মোবাইল জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের স্থান পাঁচবিবি উপজেলায় হবে না, যতদিন আমি এ থানায় দায়িত্বে থাকব। তারা যতই প্রভাবশালী হোক বা যে দলেরই নেতা হোক, কোনো ছাড় দেওয়া হবে না। মাদকের সঙ্গে কোনো আপস নেই।
থানার একাধিক এসআই, এএসআই ও পুলিশ সদস্য জানান, নতুন ওসি যোগদানের প্রথম দিন থেকেই মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন এবং নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন।
এ ঘটনায় পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি মো. তামবিরুল ইসলাম।

