আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাব। খেলার মাঠের গুরুকে এবং রাজনীতির অঙ্গনের নেতাকে সম্মান জানিয়ে এই ক্রেস্ট তুলে দেন জয়পুরহাটের পাঁচবিবির কৃতি সন্তান ও উত্তরবঙ্গের সাবেক ফুটবলার মেহেদী হাসান অর্ণব।
সম্প্রতি ঢাকায় প্রতিমন্ত্রীর দপ্তরে গিয়ে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের পক্ষ থেকে মেহেদী হাসান অর্ণবসহ ক্লাবের নেতৃবৃন্দ এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
জানা যায়, সাবেক ফুটবলার মেহেদী হাসান অর্ণবের উদ্যোগে জয়পুরহাটের পাঁচবিবি, দিনাজপুরের হিলি ও বিরামপুরসহ উত্তরবঙ্গের সাবেক ফুটবলারদের সমন্বয়ে ‘পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাব’ গড়ে তোলা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হককে এ সম্মাননা প্রদান করা হয়।
মেহেদী হাসান অর্ণব ২০০১ সালের দিকে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন। সে সময় স্টেডিয়ামে তার খেলা দেখে তৎকালীন ক্রীড়াবিদ আমিনুল হক তাকে উৎসাহ ও প্রশংসা করতেন এবং নিয়মিত খেলা চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতেন।
২০০৭ সালে মেহেদী ফুটবল থেকে অবসর নিয়ে কর্মজীবনে প্রবেশ করেন। পরে তিনি ঢাকার গ্রীন ইউনিভার্সিটির আইটি বিভাগে যোগ দেন। খেলা থেকে অবসর নিলেও তিনি নিয়মিত মাঠে গিয়ে বিভিন্ন লিগ টুর্নামেন্ট উপভোগ করতেন। একইভাবে আমিনুল হকও সক্রিয় খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার পরও মাঠে উপস্থিত থেকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ সময় দুজনের মধ্যে নিয়মিত দেখা-সাক্ষাৎ ও মতবিনিময় হতো।
পরবর্তীতে মেহেদী মিরপুর এলাকায় আমিনুল হকের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন এবং বিএনপির বিভিন্ন কর্মসূচি, মিছিল, সভা-সমাবেশে অংশ নিতে থাকেন। এর মাধ্যমে তিনি প্রতিমন্ত্রীর খেলার মাঠের জুনিয়র সহকর্মীর পাশাপাশি রাজনৈতিক সহকর্মী হিসেবেও পরিচিতি লাভ করেন।
দীর্ঘদিনের এই সম্পর্কের কারণে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক মেহেদীকে ছোট ভাই ও পরিবারের সদস্যের মতো স্নেহ করেন। অন্যদিকে মেহেদীও আমিনুল হককে ফুটবলের গুরু এবং রাজনীতির নেতা হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে মূল্যায়ন করেন।
ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উত্তরবঙ্গে ফুটবলের ঐতিহ্য সংরক্ষণ এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে ক্লাবটির উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

