আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমির আয়োজনে অভিভাবক-শিক্ষার্থী সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও পাঁচবিবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. আবুল বাশার, সহকারী প্রধান শিক্ষক মো. হাসিবুল আলম, উচাই বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নওশাদ আলী, জেরকা সিং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই এবং সড়াইল আদর্শ কলেজের সিনিয়র প্রভাষক শাহজাহান আলী। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলা একজন শিক্ষার্থীর মেধা, সৃজনশীলতা ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আগামীর দক্ষ, সুশিক্ষিত ও আদর্শ নাগরিক গড়ে তুলতে সক্ষম।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

