সর্বশেষ :
19 Oct 2026, Mon

বন্যাদুর্গত ঋণগ্রহীতাদের জন্য স্বস্তি, ৩ মাস কিস্তি আদায় বন্ধে সংবাদ সম্মেলন

বন্যাদুর্গত ঋণগ্রহীতাদের জন্য স্বস্তি, ৩ মাস কিস্তি আদায় বন্ধে সংবাদ সম্মেলন

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দেশের সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে ত্রাণ বিতরণ, পুনর্বাসন কার্যক্রম জোরদার এবং ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কাছ থেকে আগামী তিন মাস কিস্তি আদায় স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)।

বুধবার (২২ জুলাই) বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

বক্তব্যে বলা হয়, এমআরএর জারি করা সার্কুলার লেটার নং-৮৫ অনুযায়ী অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের উদ্বৃত্ত তহবিল থেকে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধসহ ত্রাণসামগ্রী বিতরণ এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

বন্যাদুর্গত ঋণগ্রহীতাদের জন্য স্বস্তি, ৩ মাস কিস্তি আদায় বন্ধে সংবাদ সম্মেলন

এছাড়া ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কাছ থেকে আগামী তিন মাস কিস্তি আদায় স্থগিত রাখতে, প্রয়োজন অনুযায়ী দুর্যোগকালীন ঋণ প্রদান করতে এবং গ্রাহকের চাহিদা অনুযায়ী দ্রুত সঞ্চয়ের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও বলা হয়েছে, কোনো এনজিও যদি নির্দেশনা অমান্য করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছ থেকে কিস্তি আদায়ের চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী এবং খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জাবের আহাম্মেদ উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *