সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবি থানার নতুন ওসি সাজ্জাদ হোসেন, অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা

পাঁচবিবি থানার নতুন ওসি সাজ্জাদ হোসেন, অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আরজু মো. সাজ্জাদ হোসেন। গত শনিবার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে পাঁচবিবি থানার ওসি হিসেবে দায়িত্বরত হাফিজ মো. রায়হান জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত হওয়ায় পদটি শূন্য হয়। পরে পুলিশ বিভাগের নির্বাহী আদেশে আরজু মো. সাজ্জাদ হোসেনকে পাঁচবিবি থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি বলেন, পাঁচবিবিবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। তিনি জানান, থানা পুলিশের সহযোগিতায় উপজেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে কাজ করা হবে। অনলাইন জুয়া, চুরি-ছিনতাই, বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

তিনি আরও বলেন, এসব সমস্যা শুধু পুলিশের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। এ জন্য সমাজের সচেতন নাগরিক, জনপ্রতিনিধি, শিক্ষক এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

মঙ্গলবার দুপুরে থানা প্রাঙ্গণে উপজেলার সকল গ্রাম পুলিশকে নিয়ে এক মতবিনিময় সভায় তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ ২৭ বছরের চাকরি জীবনে দেশের বিভিন্ন স্থানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি জয়পুরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

মানবসেবাকে ব্রত হিসেবে নেওয়া এই পুলিশ কর্মকর্তা ব্যক্তিগত জীবনে দুই পুত্রসন্তানের জনক।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *