ভারতের রাজধানী দিল্লিতে এনইইটি (NEET) পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে অনুষ্ঠিত ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কবির এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সোমবার (২০ জুলাই) দিল্লিতে অনুষ্ঠিত কর্মসূচিতে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের লাঠিচার্জে শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন এবং বিভিন্ন স্থান থেকে অন্তত ৭০ জনকে আটক করা হয়েছে। তারা অভিযোগ করেন, গণতান্ত্রিক আন্দোলন দমনে রাষ্ট্রীয় শক্তির ব্যবহার মোদি সরকারের অগণতান্ত্রিক ও জনবিরোধী অবস্থানকে স্পষ্ট করেছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট অবিলম্বে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন বন্ধ, আটকদের মুক্তি, এনইইটি পরীক্ষার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানায়।

