নিজস্ব প্রতিবেদক: অবৈধ ‘চায়না দুয়ারি জাল’ উৎপাদন ও ব্যবহার বন্ধে মাঠপর্যায়ে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা আরও জোরদারের নির্দেশ দিয়েছে মৎস্য অধিদপ্তর। সম্প্রতি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
১৬ জুলাই ২০২৬ তারিখে জারি করা ওই নির্দেশনায় বলা হয়, অবৈধ ‘চায়না দুয়ারি জাল’ উৎপাদন বন্ধে করণীয় বিষয়ে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় সংশোধিত) প্রকল্প পরিচালকের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, ‘চায়না দুয়ারি জাল’ দেখতে মশারি সদৃশ হলেও এটি ফিটিং বা প্রস্তুত করা হয় মূলত ঢাকা জেলার দোহার এবং মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। এসব এলাকায় এ জালের উৎপাদন বন্ধে অভিযান বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
এ অবস্থায় মৎস্য অধিদপ্তরের আওতাধীন সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী অবৈধ ‘চায়না দুয়ারি জাল’ উৎপাদন ও ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
মৎস্য অধিদপ্তরের উপপরিচালক (মৎস্যসম্পদ সংরক্ষণ) বরুণ চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়। এতে সংশ্লিষ্ট সব জেলা মৎস্য কর্মকর্তা, বিভাগীয় কার্যালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি পাঠানো হয়েছে।
মৎস্য অধিদপ্তরের মতে, নিষিদ্ধ ‘চায়না দুয়ারি জাল’ ব্যবহারের কারণে মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ জালের উৎপাদন ও ব্যবহার বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাঠপর্যায়ে তদারকি আরও জোরদার করা হবে।

