বেলাল আহমদ, লামা (বান্দরবান): সাম্প্রতিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা ও ভূমিধস পরিস্থিতিতে বান্দরবানের আলীকদম ও লামা উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় এবং আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধসামগ্রী প্রদান করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী হিসেবে বাংলাদেশের সর্বদক্ষিণ-পূর্বাঞ্চলের অতি দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে দায়িত্ব পালন করে আসছে। আলীকদম ব্যাটালিয়ন অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে কাজ করছে। একই সঙ্গে ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠীর জনগণ এবং অসহায় বাঙালিদের মাঝে বিভিন্ন সময়ে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, ত্রাণসামগ্রী বিতরণ, আর্থিক অনুদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বন্যাদুর্গত পরিবারকে সহায়তা প্রদান।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা এবং ভূমিধস পরিস্থিতিতে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় আলীকদম ও লামা উপজেলায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়।
এর প্রেক্ষিতে শনিবার (১৮ জুলাই) আলীকদম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়কের দিকনির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জহিরুল ইসলাম, এমএইচপি, এএমসি-এর নেতৃত্বে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম জমিরামপাড়া ও ক্রিলাইপাড়া এলাকার বন্যাদুর্গত মানুষের জন্য বিজিবি ক্রিলাইপাড়া চেকপোস্টের উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

উক্ত ক্যাম্পের মাধ্যমে বন্যাদুর্গত পরিবার এবং চিকিৎসাবঞ্চিত নৃ-গোষ্ঠীর নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধসামগ্রী এবং প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়। এছাড়াও অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বসবাসরত জনসাধারণকেও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার বন্যাদুর্গত পরিবার ও নিম্ন আয়ের মানুষের যেকোনো দুর্যোগে সহযোগিতার এক নির্ভরযোগ্য প্রতীক হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তথা আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সর্বদা পাশে রয়েছে এবং দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে।
এ সময় ক্রিলাইপাড়া চেকপোস্টে কর্মরত বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের এই ধারা অব্যাহত থাকবে।

