সর্বশেষ :
19 Oct 2026, Mon

আগামী তিন বছরের মধ্যে প্রতিটি কৃষকের হাতে পৌঁছে যাবে কৃষি কার্ড: নলডাঙ্গায় হুইপ দুলু

আগামী তিন বছরের মধ্যে প্রতিটি কৃষকের হাতে পৌঁছে যাবে কৃষি কার্ড: নলডাঙ্গায় হুইপ দুলু

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমরা মনে করি, দেশের কৃষক দীর্ঘদিন ধরে বঞ্চিত। তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি বাংলাদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন করবেন। আগামী তিন বছরের মধ্যে প্রতিটি কৃষকের হাতে কৃষি কার্ড পৌঁছে যাবে। এই কৃষি কার্ডের মাধ্যমে কৃষক কৃষি উপকরণ, ঋণ এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাবেন। অর্থাৎ দেশের প্রতিটি কৃষক সরকারি সব ধরনের সুবিধা ভোগ করতে পারবেন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে নতুনভাবে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। শুধু কৃষি উপকরণ দিলেই হবে না, সেচের জন্য পানিরও প্রয়োজন। কৃষকের উৎপাদন নিশ্চিত করতে খাল খননের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড, ক্ষুদ্রঋণের চেক এবং দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খান।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৪৬ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে পরিচয়পত্র (সুবর্ণ নাগরিক কার্ড) বিতরণ করা হয়। একই সঙ্গে স্বাবলম্বী করার লক্ষ্যে উপজেলার ৩৩ জন উপকারভোগীর মাঝে মোট ১২ লাখ ৩০ হাজার টাকার ক্ষুদ্রঋণের চেক তুলে দেওয়া হয়। এছাড়া প্রধান অতিথির স্বেচ্ছাধীন তহবিল থেকে কয়েকজন উপকারভোগীকে অনুদানের চেক প্রদান করা হয়।

এদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দের আওতায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের মাঝে ২৮ বান্ডিল ঢেউটিন এবং নগদ মোট ৮৪ হাজার টাকা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ. হাই তালুকদার ডালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ দলীয় নেতাকর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *