বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের আলীকদমে টানা ভারী বর্ষণ ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ জুলাই) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর উদ্যোগে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ও বন্যাকবলিত প্রায় ৭৫টি অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিকের সরাসরি নেতৃত্বে উপজেলার চৈক্ষ্যং ও নয়াপাড়া ইউনিয়নের বন্যাদুর্গত এলাকায় এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়।
ত্রাণ বিতরণকালে রেয়াম্বু সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে থাকা ৩৬টি পরিবার, নজির মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের ১৭টি পরিবার এবং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আশ্রয় নেওয়া ২২টি পানিবন্দী পরিবারসহ মোট ৭৫টি পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
বিজিবি সূত্র জানায়, দুর্গম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে পেশাদারিত্বের সঙ্গে সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ৫৭ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় পাহাড়ি নৃগোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর কল্যাণে বিনামূল্যে চিকিৎসাসেবা, আর্থিক অনুদান এবং দুর্যোগকালীন ত্রাণ বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী জানান, বন্যাকবলিত এলাকার পানিবন্দী পরিবারগুলোর নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দুর্গতদের আশ্রয়কেন্দ্রে স্থানান্তর এবং প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম পরিচালনায় বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।
ত্রাণ বিতরণকালে আলীকদম ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

