সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় উৎসবমুখর পরিবেশে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১,০৩১ পরীক্ষার্থী

লামায় উৎসবমুখর পরিবেশে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১,০৩১ পরীক্ষার্থী

বেলাল আহমদ, লামা (বান্দরবান): সারাদেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলাতেও উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। এবারের পরীক্ষায় উপজেলার একমাত্র পরীক্ষা কেন্দ্র সরকারি মাতামুহুরী কলেজে দুটি বোর্ডের অধীনে চারটি শিক্ষা প্রতিষ্ঠান- সরকারি মাতামুহুরী কলেজ, আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ এবং হেফাজতুর রহমান কলেজের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরাও এ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। সব মিলিয়ে মোট ১,০৩১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, সাধারণ শিক্ষা বোর্ড (চট্টগ্রাম)-এর অধীনে মোট ৯০৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৫০৬ জন ছাত্র এবং ৪০০ জন ছাত্রী। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে ১২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। সব মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১,০৩১ জন।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ১৭ জন পরীক্ষার্থী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে।

পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে, পরীক্ষা শুরুর অনেক আগ থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকেরা কেন্দ্র এলাকায় উপস্থিত হতে শুরু করেন। পরীক্ষার্থীদের উপস্থিতিতে পুরো কলেজ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কেন্দ্র এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া নজরদারি দেখা গেছে।

পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সরকারি মাতামুহুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল মোনায়েম।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, উপজেলা প্রশাসন ও কেন্দ্রসংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি পরীক্ষা কক্ষগুলোতে সিসিটিভির মাধ্যমে কড়া নজরদারি রাখা হয়েছে। তিনি আরও জানান, প্রথম দিনের পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *