ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান শাখার আয়োজনে বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
এ উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, পৌর প্রশাসক রুমানা আক্তার, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্যভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানানো হয়।
অনুষ্ঠানের শেষে স্থানীয় শিল্পীদের মাঝে সম্মাননা চেক বিতরণ করা হয়।

