বেলাল আহমদ, লামা (বান্দরবান): সরকারের নির্দেশনা অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে বান্দরবানের লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান, সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয় মাঠে ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের যে বিপর্যয় সৃষ্টি হচ্ছে, তা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।
সভা শেষে বিদ্যালয় মাঠের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

