দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিত সিবগাত উল্লাহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার জয়পাড়া হাসপাতাল রোডে অবস্থিত তমা রাইসা ফার্মেসিকে ওষুধ ও কসমেটিকস আইনে ৫ হাজার টাকা, রিপন ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং আকরাম ফার্মেসিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং দোহার থানা পুলিশের একটি দল।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিত সিবগাত উল্লাহ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

