সর্বশেষ :
20 Oct 2026, Tue

বেনজীরকে ফেরত নিতে বাংলাদেশকে চিঠি দিল সংযুক্ত আরব আমিরাত

বেনজীরকে ফেরত নিতে বাংলাদেশকে চিঠি দিল সংযুক্ত আরব আমিরাত

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন (এক্সট্রাডিশন রিকোয়েস্ট) পাঠানোর আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ‘এনসিবি আবুধাবি’ থেকে বাংলাদেশ পুলিশের ‘এনসিবি ঢাকা’ শাখায় এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গ্রেপ্তার হওয়া বেনজীর আহমেদকে ফেরত নিতে আগামী ৩০ দিনের মধ্যে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। অন্যথায় আইনি জটিলতা সৃষ্টি হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হলে আদালত দেশটির ফেডারেল আইন নং ৩৯/২০০৬-এর ১১ নম্বর ধারা অনুযায়ী পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন।

চিঠিতে উল্লেখ করা হয়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পরিপ্রেক্ষিতে জারি করা ইন্টারপোলের রেড নোটিশ (নং A-5174/4-2025) অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যর্পণ আবেদনের সঙ্গে অভিযুক্তের পরিচয়, ছবি, জাতীয়তা, অপরাধের বিবরণ, গ্রেফতারি পরোয়ানা, তদন্ত প্রতিবেদন এবং প্রয়োজনীয় আদালতের নথি আরবি ভাষায় অনূদিত ও যথাযথভাবে সত্যায়িত করে জমা দিতে হবে।

উল্লেখ্য, বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। দুদকের মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশ জারির পর লন্ডন থেকে এশিয়ার একটি দেশে যাওয়ার পথে দুবাই ট্রানজিটে তাকে গ্রেপ্তার করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *