আতাউর রহমান কাজল, (শ্রীমঙ্গল): নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন বাজার এলাকায় বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে শ্রীমঙ্গল পৌরসভার মাছ বাজার, লেবু বাজার, শাক-সবজির বাজার, মসলার বাজার, চালের বাজার, মাংসের বাজার ও শুঁটকির বাজার পরিদর্শন করা হয়।
অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
অভিযানকালে যত্রতত্র পণ্যবাহী গাড়ি দাঁড় করিয়ে সড়কে যানজট সৃষ্টির অভিযোগে দুটি চালের আড়ৎকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
এ ছাড়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে বিভিন্ন বাজারে নজরদারি জোরদার করা হয়। এ সময় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং বিভিন্ন ক্রেতার কাছে ভিন্ন ভিন্ন দামে পণ্য বিক্রির অভিযোগে দুইজন মসলা ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পাশাপাশি সকল ব্যবসায়ীকে দোকানে মূল্যতালিকা প্রদর্শন করে সঠিক দাম ও মান বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম দায়িত্ব পালন করে।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

