আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সকল কওমি মাদ্রাসায় বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে লবণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
আল্লাহর দ্বীন ইসলাম ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর বাণী বিস্তারের লক্ষ্যে উপজেলার কওমি, নূরানি, হেফজ, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও মহিলা হেফজখানা মাদ্রাসার কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে লবণ দেওয়া হয়। একই সঙ্গে চামড়া সংরক্ষণের নিয়মাবলি সংবলিত লিফলেটও বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. বোরহান উদ্দীনসহ বিভিন্ন কওমি মাদ্রাসার শিক্ষকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কওমি মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “চামড়া জাতীয় সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ না করায় অনেক সময় চামড়া নষ্ট হয়ে যায়। ঈদের সময় কওমি মাদ্রাসাগুলো কোরবানির চামড়া সংগ্রহ করে থাকে। তাই চামড়ার গুণগত মান ঠিক রাখা ও পচন রোধে বিনামূল্যে লবণ দেওয়া হচ্ছে।”

