সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে অন্তঃসত্ত্বা গৃহবধুর ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দোহারে অন্তঃসত্ত্বা গৃহবধুর ঘরে ঢুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার চর জয়পাড়া এলাকায় গভীর রাতে এক অন্তঃসত্ত্বা গৃহবধুর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ভাড়াটিয়া আমির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, এ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এক সাংবাদিকসহ কয়েকজন ব্যক্তি।

ভুক্তভোগী গৃহবধু অভিযোগ করেন, তার স্বামী জয়পাড়ার একটি সেলুনে কাজ করেন। সেই সুবাদে ঈদের আগমুহূর্তে ঘরে ফিরতে অনেক রাত হয়। এই সুযোগে শনিবার দিবাগত রাতে তার ঘরে ঢুকে পাশের ভাড়াটিয়া আমির বিছানায় গিয়ে স্বামী সেজে তার সঙ্গে শারীরিক মেলামেশার চেষ্টা করেন। পরে মোবাইলের লাইট জ্বালিয়ে পাশে প্রতিবেশী আমিরকে দেখে চিৎকার করেন তিনি।

ঘটনার পরদিন বিষয়টি সমাধানের চেষ্টা করেন সাংবাদিকসহ আরও কয়েকজন- এমন অভিযোগ করেন ভুক্তভোগী ওই গৃহবধু। পরদিন উল্টো অভিযুক্ত আমির ও তার লোকজন ভুক্তভোগী পরিবারকে হুমকি দিতে থাকেন। পরে উপায় না পেয়ে দোহার থানায় অভিযোগ করেন গৃহবধুর স্বামী মনির শেখ।

এদিকে ঘটনার বিষয়ে জানতে সাংবাদিকের কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। আমাকে ঘটনাস্থল থেকে এক ব্যক্তি ফোন করেছিলেন। তখন আমি অন্য এক সাংবাদিক সেখানে পাঠাই। পরে কী হয়েছে তা জানি না।

অন্যদিকে অভিযুক্ত আমির হোসেনের বক্তব্য নিতে তার ভাড়া বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, ঘটনার পর তিনি গা-ঢাকা দিয়েছেন।

এ বিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় একটি অভিযোগ হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *