ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে আগামী ১১ জুলাইয়ের মধ্যে নরমাল ডেলিভারির জন্য বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।
সোমবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে প্রতিটি বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে মানসম্মত লেবার রুম থাকা জরুরি। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, আগামী সাত দিনের মধ্যে মশার লার্ভা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত শয্যা ও স্যালাইনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। জ্বর কমে গেলেও চিকিৎসকের অনুমতি ছাড়া কোনো রোগীকে ছাড়পত্র না দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্যখাতে এক লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানান মন্ত্রী। এর মধ্যে ৮০ হাজার নারী এবং তাদের অধিকাংশই মিডওয়াইফারি কর্মী হবেন।

