ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা কৃষি পুনর্বাসন প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন ও শীতকালীন পেঁয়াজের বীজ, গ্রীষ্মকালীন উফশী ও হাইব্রিড জাতের শাকসবজির বীজ, হাইব্রিড মরিচের বীজ, উফশী আমন ধানের বীজ, লেবুর চারা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ ও চারা বিতরণ করা হয়।
সোমবার সকাল ১১টায় দৌলতপুর উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস এবং দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ্বাস, গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. বেনজির আহমেদ বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রাশেদুল হক শামীমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা দৌলতপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় ফল মেলা পরিদর্শন করেন।

