ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জাতীয় নিরাপত্তার স্বার্থে একজন গ্রাহকের নামে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা সীমিত করে জরুরি নির্দেশনা জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম নিবন্ধিত থাকলে, অতিরিক্ত সিমগুলো আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে হবে।
গ্রাহকদের জন্য এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে গ্রাহকরা নিজেদের পছন্দমতো ১০টি সিম রেখে বাকিগুলো নিষ্ক্রিয় করার সুযোগ পাবেন। বিটিআরসি সতর্ক করেছে যে, নির্ধারিত সময়সীমা শেষ হলে যারা স্বেচ্ছায় অতিরিক্ত সিম বাতিল করবেন না, কমিশন দৈবচয়নের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তাদের অতিরিক্ত সিমগুলোর নিবন্ধন বাতিল করবে।
নিজের নামে কতগুলো সিম নিবন্ধিত আছে, তা জানতে গ্রাহকদের *১৬০০১# নম্বরে ডায়াল করে নিজেদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) শেষ ৪ ডিজিট পাঠিয়ে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে কমিশন।
অপরাধ দমন, সাইবার নিরাপত্তা জোরদার এবং নকল বা অচিহ্নিত সিমের ব্যবহার বন্ধ করে ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করতেই বিটিআরসি এই উদ্যোগ নিয়েছে।

