সর্বশেষ :
19 Oct 2026, Mon

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষদাঁত ভেঙে দেওয়া হবে: হুইপ দুলু

হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বিষদাঁত ভেঙে দেওয়া হবে: হুইপ দুলু

মো. মনিরুল ইসলাম তালুকদার (নাটোর): হিন্দুদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে বা হুমকি-ধমকি দিলে তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে নাটোর সদর উপজেলার ৮২টি দুর্গামন্দির ও নলডাঙ্গা উপজেলার ৫৯টি দুর্গামন্দিরে সরকারি অনুদানের ৬০০ কেজি করে চাল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, যুগ যুগ ধরে আমরা হিন্দু-মুসলমান একসঙ্গে বসবাস করছি। ঈদে হিন্দুরা আমাদের বাড়িতে আসতেন, আর পূজায় আমরা তাঁদের বাড়িতে যেতাম। নাড়ু-মোয়া খেতাম। কত আনন্দ করতাম! আমাদের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। হিন্দু-মুসলমানদের মধ্যে কোনো বিভেদ ছিল না। কিন্তু গত ১৭-১৮ বছর সেই সুযোগ আর হয়নি।

এ প্রসঙ্গে নাটোর-২ আসনের সংসদ সদস্য দুলু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নির্দেশ দিয়ে বলেছেন, হিন্দুরা আমাদের ভোট দিয়েছেন, হিন্দুদের সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের।

হিন্দু সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, কেউ যদি কিছু বলে, তাহলে আমাকে ফোন করবেন। আমি সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। আমি এর আগেও বলেছি, এখনও বলছি- যত দিন আমি বেঁচে আছি, আপনাদের আমি নিজেই পাহারা দেব। এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ বুক উঁচু করে চলাফেরা করবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ দলীয় নেতাকর্মীরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *