ঢাকা: হাম রোগ প্রতিরোধে আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, রোববার সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে। যেসব এলাকায় হাম সংক্রমণ বেশি, সেসব উপজেলাকে অগ্রাধিকার দিয়ে কর্মসূচির আওতায় আনা হয়েছে।
এই টিকাদান কর্মসূচির আওতায় থাকা উপজেলাগুলো হলো- বরগুনা সদর ও পৌরসভা, ময়মনসিংহ সদর, ত্রিশাল ও তারাকান্দা, রাজশাহীর গোদাগাড়ী, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, নওগাঁর পোরশা, যশোর সদর ও পৌরসভা, নাটোর সদর ও পৌরসভা, মুন্সীগঞ্জ সদর, পৌরসভা, লৌহজং ও শ্রীনগর, মাদারীপুর সদর ও পৌরসভা, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি, শরীয়তপুরের জাজিরা, পাবনা সদর, পৌরসভা, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া, চাঁদপুর সদর, পৌরসভা ও হাইমচর, কক্সবাজারের মহেশখালী ও রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, পৌরসভা, শিবগঞ্জ ও ভোলাহাট এবং নেত্রকোনার আটপাড়া।

