ঠাকুরগাঁও: সীমান্ত অতিক্রম না করলে সীমান্তে হত্যার ঘটনা ঘটবে না- এমন মন্তব্য করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহম্মদ। তিনি বলেন, সীমান্ত অতিক্রম রোধে চোরাকারবারিদের পরিবারকে সচেতন করার পাশাপাশি স্থানীয় ইমাম, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বোঝানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির আয়োজনে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত হত্যা প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত প্রায় ২৩ হাজার সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ সচেতন হলে সীমান্ত হত্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় বাংলাদেশের কৃষকদের চাষাবাদ প্রসঙ্গে তিনি বলেন, এটি একদিনে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংস্থার সহায়তায় আমরা ধীরে ধীরে তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।
তিনি আরও জানান, সীমান্তসংলগ্ন জমিতে তিন ফিটের বেশি উচ্চতার ফসল, যেমন ভুট্টা ও আখ চাষে নিরুৎসাহিত করা হচ্ছে, যাতে সীমান্তে নজরদারি কার্যক্রমে কোনো সমস্যা না হয়।
অধিনায়ক জানান, এ বছর পরিচালিত বিভিন্ন অভিযানে ৫০ বিজিবি মোট ৫৫৬ জন আসামিকে আটক করেছে। একই সঙ্গে প্রায় ৬৭ কোটি টাকার মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, গবাদিপশু ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এছাড়া, মানবপাচার, জাল টাকা পাচার, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিতভাবে কাজ করছে।
তিনি জানান, রংপুর রিজিয়নের অধীনে মোট ১ হাজার ৬৬০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা রয়েছে। সম্প্রতি নতুন করে ছয়টি বিওপি (বর্ডার আউটপোস্ট) নির্মাণ করা হয়েছে। এসব বিওপিসহ পুরো সীমান্ত এলাকায় অবৈধ পারাপার, জালনোট ও মাদক পাচার, নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত জনসচেতনতামূলক সভা করছে।
প্রেস ব্রিফিংয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির কর্মকর্তারা ছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

