প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কবর থেকে তাঁর মরদেহ উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। মরদেহ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও পুনরায় ময়নাতদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন। বুধবার (১০ জুন) তদন্তকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।
মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটনের বাসা থেকে অসুস্থ অবস্থায় সালমান শাহকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ কবরস্থানে দাফন করা হয়।
দীর্ঘদিন পর গত বছরের ২১ অক্টোবর সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে আদালত অপমৃত্যুর ঘটনাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, পরিকল্পিতভাবে যোগসাজশের মাধ্যমে সালমান শাহকে হত্যা করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি।

