ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): দেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূইয়া এমপি।
অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামপুর দারুল উলুম মাদ্রাসার মোহতামেম মুফতি মো. ইউসুফ।
মিলাদ ও দোয়া মাহফিলে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম. এন. আবছার, সাংগঠনিক সম্পাদক আব্দুল রব রাজা, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজসহ জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বক্তারা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মৃতিচারণ করে বলেন, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বক্তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন।

