নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক পরিবারের বাড়ির দরজার সামনে কাফনের কাপড় ও হুমকিমূলক চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজ্ঞাত ব্যক্তির রেখে যাওয়া চিরকুটে প্রাণনাশের হুমকি থাকায় পরিবারটি চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।
বুধবার (১ জুলাই) উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামের বাসিন্দা আব্দুল গফুরের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা বাড়ির গেটের সামনে একটি কাফনের কাপড় রেখে যায় এবং এর সঙ্গে একটি হুমকিমূলক চিরকুট সংযুক্ত করে। বুধবার সকালে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে এলে তারা আতঙ্কিত হয়ে পড়েন।
চিরকুটে লেখা ছিল, সময় থাকতে ভালো হয়ে যা। পরে আর সময় নাও পেতে পারিস। আল্লাহ ছাড়া বাঁচানোর মতো কেউ নেই। অবস্থা খারাপ হওয়ার আগে ভালো হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিক। মানুষের ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে আল্লাহভীরু হ।
ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল গফুর, আব্দুল বারিকসহ অন্যরা জানান, হঠাৎ এমন অপ্রত্যাশিত ও ভয়ংকর হুমকির ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

