আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় তীব্র গরম অনুভূত হয়েছে। এদিন শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকাল থেকেই তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকায় দুপুরের পর প্রচণ্ড গরমে জনজীবনে ভোগান্তি দেখা দেয়।
সোমবার সকাল থেকেই শ্রীমঙ্গলের আকাশ ছিল ঝলমলে রোদে ভরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তেজও বাড়তে থাকে। সকাল গড়িয়ে দুপুর হতেই তীব্র রোদের কারণে বাইরে বের হওয়া মানুষের কষ্ট বাড়তে থাকে। বিশেষ করে দুপুর ১২টার পর সড়কে চলাচল করা কঠিন হয়ে পড়ে। প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হননি।
প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষকে। রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, নির্মাণশ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষকে জীবিকার প্রয়োজনে তীব্র রোদের মধ্যেই কাজ করতে দেখা গেছে। অনেককে গরম থেকে স্বস্তি পেতে ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম নিতে দেখা যায়। সড়কে চলাচলকারী অনেকেই সঙ্গে পানি ও ছাতা নিয়ে বের হন।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের অফিসার ইনচার্জ মো. আনিসুর রহমান জানান, সোমবার বিকেল ৩টায় শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, গত দুই মাসের মধ্যে এটিই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
তিনি জানান, দিনের শুরু থেকেই তাপমাত্রা বাড়তে থাকে এবং দুপুরের পর গরমের তীব্রতা বেশি অনুভূত হয়।

