আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ৪ জন চিহ্নিত ছিনতাইকারীসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, রবিবার রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে শ্রীমঙ্গল পৌরসভার চৌমুহনা এলাকায় এপেক্স শোরুমের সামনে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সাব-ইন্সপেক্টর সুজন কান্দি পালের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিনজন ছিনতাইকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- খালেদ মিয়া (২৮), পিতা: নজির মিয়া, সাং সুরমাভ্যালী; কাওছার মিয়া (২৮), পিতা: সোহেল মিয়া, সাং শাহীবাগ; এবং সিয়াম মিয়া (২০), পিতা: মৃত কাদির মিয়া, সাং শান্তিবাগ- সকলেই শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।
এ সময় তাদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গিয়ার, চাকু, রামদা ও চাকু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল রেলস্টেশন ও চৌমুহনা এলাকায় ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত।
এছাড়া একই দিনে থানার পৃথক অভিযানে পৌরসভার শাপলাবাগ এলাকা থেকে আরও এক ছিনতাইকারী শামীম মিয়া (২০), পিতা: সেলিম মিয়া, সাং ডলুছড়া, শ্রীমঙ্গলকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, একটি মারামারি মামলার আরও এক আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না।

