দোহার (ঢাকা): আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোহার পৌরসভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) পৌর মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম।
সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী, পৌরসভার ইঞ্জিনিয়ার এম এম মামুনুর রশীদসহ বিভিন্ন কর্মকর্তা ও সুধীজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-০১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং পৌর জামায়াতের আমীর এম এম সাখাওয়াত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি আবুল হাশেম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, এডভোকেট আতিকুর রহমান সোহান, জাতীয় নাগরিক পার্টির নেতা রাসেল মাহমুদসহ অন্যান্য দলের প্রতিনিধিরা।
সভায় প্রশাসক তানিয়া তাবাসসুম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রতিটি পূজামণ্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী, পুলিশ ও আনসার সমন্বয়ে নিরাপত্তা টিম গঠন করা হয়েছে।
বিএনপি নেতা খন্দকার আবু আশফাক বলেন, প্রশাসনের পাশাপাশি আমরাও হিন্দু সম্প্রদায়ের পাশে আছি। নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে।
জামায়াত নেতা এম সাখাওয়াত হোসেন বলেন, হিন্দু-মুসলিম ভাই ভাই। ধর্মীয় অনুষ্ঠান পালনে আমরা সর্বোচ্চ সহায়তা করব। দোহার-নবাবগঞ্জের জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলামের পক্ষ থেকেও সহযোগিতা থাকবে।
দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজীব জানান, ধর্মীয় উৎসব পালনে প্রেসক্লাব সবসময় পাশে থাকবে। আমরা সবাই মিলে শান্তিপূর্ণ সমাজ গড়তে চাই।
পূজা উদযাপন কমিটির সভাপতি অমিতাভ পাল অপু বলেন, প্রশাসন ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপিত হবে বলে আমরা আশাবাদী। প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পাশাপাশি পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
দোহার থানার ওসি মো. হাসান আলী বলেন, দুর্গাপূজায় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। সিসিটিভি ক্যামেরা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলে নিরাপত্তা আরও জোরদার করা হবে এবং শঙ্কা কাটবে।

