মো. রাশেদুল ইসলাম (নাটোর): সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আমরা দেখেছি ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যুর পর ঢাকার জানাজায় তিল ধারণের জায়গা ছিল না। আমরা দেখেছি, পুরো বিশ্ব কীভাবে তাঁকে সম্মান জানিয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষের কাছে তিনি বাংলাদেশের নেতা হিসেবে বিদায় নিয়েছেন। কোটি কোটি মানুষ আজ তাঁর জন্য প্রার্থনা করছে- এটি তাঁর প্রাপ্য।
তিনি বলেন, শত নিপীড়নের শিকার হয়েও দেশের জনগণের জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।
শনিবার বিকেলে বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুর মাদ্রাসা মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফারজানা শারমিন পুতুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত শোক কর্মসূচি পালনের অংশ হিসেবে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া- প্রতিটি জায়গার আনাচে-কানাচে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মানুষ দুহাত তুলে দোয়া প্রার্থনা করছেন, তাঁর আত্মার মাগফিরাত কামনা করছেন। তিনি জানতেন, তাঁকে মিথ্যা মামলায় জেল খাটতে হবে। সেই মিথ্যা মামলায় বছরের পর বছর, দিনের পর দিন, রাতের পর রাত কারাভোগ করেছেন। তবুও তিনি বাংলাদেশের নিপীড়িত জনগণকে ছেড়ে যাননি।
তিনি আরও বলেন, তিনি এমন একটি বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, যাকে আমরা বলব- সবার আগে বাংলাদেশ, আমার বাংলাদেশ।
পুতুল বলেন, বাংলাদেশের বিগত দিনগুলোতে আমরা দেখেছি, কোনো একটি নীতি হৃদয়ে ধারণ করার জন্য, দলের একজন ক্ষুদ্র কর্মী বা সমর্থক হওয়ার কারণে মানুষ নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে। ক্রসফায়ার, গুম ও গায়েবি মামলার শিকার হতে হয়েছে। এত কিছুর পরও তিনি চেয়েছিলেন, বাংলাদেশে আর কোনো নাগরিক যেন মতাদর্শ, নীতি বা দলের সমর্থক হওয়ার কারণে বৈষম্যের শিকার না হয়। সেই স্বপ্ন তিনি আমাদের দেখিয়েছেন।
তিনি বলেন, তিনি শুধু স্বপ্ন দেখিয়েই চলে যাননি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বাংলাদেশের মাটিতে একজন যোগ্য নাবিক রেখে গেছেন, যিনি ইতোমধ্যেই দেশ ও বিদেশে সমাদৃত। তিনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান, দেশনায়ক তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ পাপ্পু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ চৌধুরী, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশারফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদ চৌধুরী, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু প্রমুখ।

