পাটগ্রাম (লালমনিরহাট): ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী ও তাদের চার মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক সন্তানকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কের মির্জারকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি এলাকার মনসাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩১) এবং তাদের চার মাস বয়সী মেয়ে হুজাইফা। শরিফুল ইসলাম পাটগ্রামে পদক্ষেপ এনজিওতে সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন শরিফুল। এ সময় বুড়িমারী স্থলবন্দরগামী একটি অজ্ঞাত খালি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুমাইয়া আক্তার নিহত হন। গুরুতর আহত অবস্থায় শরিফুল ও তাদের শিশু সন্তানকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারা মারা যান। একই ঘটনায় তাদের আরেক সন্তান শোহান হোসেন (১০) গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়।
বড়খাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। অজ্ঞাত ট্রাকটি শনাক্তে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, নিহতদের মরদেহ পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

