বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামার ফাইতং ও ইয়াংছা ইউনিয়নের ৬ টি অবৈধ ইটভাটায় ১৮,৫০,০০০ (আঠারো লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান। বুধবার (০৫ নভেম্বর) লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় দুপুর আনুমানিক ২ ঘটিকা থেকে ৫ ঘটিকা পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা PBN, BNB এবং ফাইতং ইউনিয়নে YSB, BMW, 4BM, UBN- কে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পরিচালিত এক অভিযানকালে সর্বমোট ৬ টি ইটভাটাকে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসেবে তা ব্যবহারের অপরাধে মোট ১৮,৫০,০০০ (আঠারো লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সকল ইটভাটা মালিককে এরূপ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
লামা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়াত আহমেদ বলেন, বান্দরবান জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আজ ফাইতং ও ইয়াংছা এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৬ ধারা অনুযায়ী ৬ ইট ভাটায় ১৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান চলবে।

