বেলাল আহমদ, লামা (বান্দরবান): “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই মেলা ও প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
সহকারী তথ্য অফিসার রাশেদুল ইসলাম রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (রুটিন দায়িত্ব) অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোয়ান্টাম কসমো স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আছাদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, স্মার্ট ও উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়তে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। এই ধরনের মেলা ও প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটাবে এবং তাদের বিজ্ঞানমনস্ক করে তুলবে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলা চলবে আগামী ৭ এপ্রিল পর্যন্ত। দুই দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে।
এছাড়াও বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিপুল সংখ্যক শিক্ষার্থী।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মেলা প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত সর্বসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত থাকবে।

