সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় ৩ অবৈধ ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

লামায় ৩ অবৈধ ইটভাটায় অভিযানে ৬ লাখ টাকা জরিমানা

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে লামা উপজেলা প্রশাসন। শনিবার (০৪ এপ্রিল) বিকালে পরিচালিত এই অভিযানে ফাইতং ইউনিয়নের ফাদুরছড়া ও বাঙালিপাড়া এলাকায় অবৈধভাবে ইট পোড়ানো এবং পাহাড় কর্তনের অভিযোগে 7BM, 5BM ও SBM ইটভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে তিনটি ইটভাটার মালিককে পৃথকভাবে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে কয়েক শত ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। এ সময় লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস. এম. হাবিবুল্লাহ, ফাইতং পুলিশ ফাঁড়ির এসআই মিনহাজসহ পুলিশ সদস্যরা এবং ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফাইতং ইউনিয়নে অধিকাংশ ইটভাটা শিক্ষাপ্রতিষ্ঠান, লোকালয় ও বনাঞ্চলের কাছাকাছি স্থাপন করা হয়েছে। ফলে ধোঁয়া ও ধুলাবালির কারণে স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ শ্বাসকষ্ট, কাশি, চোখ জ্বালা ও অ্যালার্জিতে ভুগছেন। বিশেষ করে বয়স্কদের মধ্যে হাঁপানি, ফুসফুসের সমস্যা ও হৃদরোগের ঝুঁকি প্রতিদিন বাড়ছে। পরিবেশবাদীদের মতে, এসব ভাটার ধোঁয়া ও রাসায়নিক নির্গমনের কারণে মাটি তার উর্বরতা হারাচ্ছে, কৃষি উৎপাদন কমে যাচ্ছে এবং পাখি ও ক্ষুদ্র প্রাণী তাদের প্রাকৃতিক আবাসস্থল হারাচ্ছে। এতে স্থানীয় জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে স্থানীয়দের মতে, ইটভাটায় জ্বালানি লাকড়ি সরবরাহ বন্ধ করা গেলে ইটভাটা বন্ধ করা সম্ভব। ইতিপূর্বে মহামান্য হাইকোর্টের নির্দেশে ৬টি ইটভাটা গুড়িয়ে দেওয়া হলেও আবারও নতুন করে চালু করেছে এসব ভাটার মালিকরা।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, বান্দরবান জেলা প্রশাসকের নির্দেশনায় ফাইতং এলাকায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯’-এর ৬ ধারা অনুযায়ী ৩টি ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান চলবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *