সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় রিসোর্টে নারী পর্যটককে ধর্ষণচেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি কারাগারে

লামায় রিসোর্টে নারী পর্যটককে ধর্ষণচেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি কারাগারে

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামায় মাতামুহুরী রিভার সাইড রিসোর্টে এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টা, মারধর ও ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় রিসোর্ট মালিকসহ গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে আসামিদের লামার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর লামা থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ১ নম্বর আসামি রাশেদের কাছ থেকে ভুক্তভোগী নারীর ছিনিয়ে নেওয়া ৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ৩ নম্বর আসামি হৃদয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগীর ছিনতাই হওয়া স্বর্ণের কানের দুল উদ্ধার করে জব্দ করা হয়েছে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ জানান, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মামলার অভিযোগে জানা যায়, গত ২৫ জুন লামা পৌরসভার চাম্পাতলী এলাকার শাহ আলমের ছেলে রাশেদ (২৫), অভি (২০), লামা বাজারপাড়ার হৃদয় (২৮) এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সেদিন দুই নারী পর্যটকসহ কয়েকজন পুরুষ পর্যটক উপজেলা সদরের মাতামুহুরী রিভার সাইড রিসোর্টে বেড়াতে যান।

অভিযোগে বলা হয়, পর্যটকরা কক্ষে প্রবেশ করার পর রিসোর্টের কয়েকজন কর্মচারী বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে তাদের আটকে রাখেন। একপর্যায়ে চিৎকার শুনেও তাদের ছাড় না দিয়ে নারী পর্যটকদের টেনে-হিঁচড়ে বিবস্ত্র করা হয় এবং জিম্মি করে ভিডিও ও ছবি ধারণ করা হয়। ভিডিও ধারণের সময় তাদের নির্দিষ্ট বক্তব্য বলতে বাধ্য করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া অভিযোগে আরও বলা হয়, নারী পর্যটকদের কাছে থাকা স্বর্ণালংকার এবং তাদের সঙ্গে থাকা পুরুষদের কাছ থেকে নগদ ৪৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। রিসোর্ট মালিকের বিরুদ্ধেও ভুক্তভোগীদের স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীদের সঙ্গে থাকা আবু ছিদ্দিক নামে এক ব্যক্তি আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে লামা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *