সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

লামায় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আংসারঝিরি এলাকায় নাসরিন সুলতানা (১৯) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।

নিহত নাসরিন সুলতানা ওই এলাকার আব্দুল গফুর ও রুপিয়া খাতুনের মেয়ে। নিহতের স্বজনদের দাবি, কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহাজিলপাড়ার মৃত আবু তালেক ও ফরিদা বেগমের ছেলে মো. বেলালের (১৯) সঙ্গে নাসরিনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল।

স্বজনদের অভিযোগ, নাসরিন ও বেলালের মধ্যে প্রায় আট বছর ধরে সম্পর্ক চলছিল। সম্প্রতি তাদের বিয়ের বিষয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তাও চলছিল। একপর্যায়ে বিয়ের কাবিন ও অন্যান্য খরচ বাবদ নাসরিনের পরিবারের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দেওয়ার কথা বলা হলে বেলালের পরিবার ৬০ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ করেন স্বজনরা।

স্বজনদের আরও অভিযোগ, এ বিষয়কে কেন্দ্র করে বেলালের পরিবারের সঙ্গে নাসরিনের পরিবারের বিরোধ তৈরি হয়। পরে ৬ নম্বর ওয়ার্ডের আংসারঝিরি এলাকার একটি বাগান থেকে নাসরিনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।

নিহতের ভাই আলী আহম্মদ অভিযোগ করেন, তার বোনের মৃত্যু স্বাভাবিক নয়; তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) জামিল আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে নাসরিন সুলতানার মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর মর্গে পাঠানো হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *