সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় ইটভাটার অভিযান ঠেকাতে মাথায় সাদা পট্টি, কাফনের কাপড় পরে রাস্তায় নারী-পুরুষ

লামায় ইটভাটার অভিযান ঠেকাতে মাথায় সাদা পট্টি, কাফনের কাপড় পরে রাস্তায় নারী-পুরুষ, কালের বার্তা

বেলাল আহমদ (বান্দরবান): বান্দরবানের লামার ফাইতং ইউনিয়নে ইটভাটায় প্রশাসনের অভিযানের খবর পেয়ে বাধা দিতে তৃতীয় দিনের মতো রাস্তায় নেমেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে ফাইতং বাজারে অবস্থান কর্মসূচি চলছে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত জনতা বলেন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি না করে ইটভাটা ভাঙতে দেওয়া হবে না। প্রশাসনকে তাদের লাশের উপর দিয়ে গিয়ে ইটভাটা ভাঙতে হবে। তারা প্রশাসনকে ইটভাটা না ভাঙতে অনুরোধ করেন। নারী-পুরুষ সবার মাথায় সাদা পট্টি। কিছু মানুষ কাফনের কাপড় পরে আছে। রাস্তায় ৫-৬ হাজার উপজাতি-বাঙালি নারী-পুরুষ অবস্থান করছে। আন্দোলনকারীরা জানায়, যেকোনোভাবে প্রতিহত করতে হবে পরিবেশ অধিদপ্তরের স্পেশাল টিমকে। উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

ফাইতং ইউপি চেয়ারম্যান ওমর ফারুক বলেন, সকাল থেকে কাফনের কাপড়, ব্যানার-ফেস্টুন নিয়ে ৫-৬ হাজার মানুষ ফাইতং বাজারে অবস্থান করছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।

পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন কর্তৃক ইটভাটা বন্ধের অভিযানে বাধা দেওয়ায় লামা থানায় মামলা দায়ের হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হক (২৫) সহ ১১ জনের নাম উল্লেখ করে মামলার বাদী পরিবেশ অধিদপ্তর বান্দরবানের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন।

প্রসঙ্গত, গত রবিবার (১৬ নভেম্বর) লামা উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজুয়ান উল ইসলামের নেতৃত্বে অবৈধ ইটভাটা ও পাহাড় কাটা সহ পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে অভিযান করা হয়। ওই সময় ইটভাটা মালিকপক্ষের লোকজন রাস্তা অবরোধ করে মানববন্ধন করেন। ওইদিন প্রতিবাদকারী শ্রমিকরা অভিযানিক দলের গাড়ি বহরের সামনে কাফনের কাপড় গায়ে জড়িয়ে সড়কে শুয়ে প্রতিবাদ করে।

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের বিশেষ টিমকে বাধা দানকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *