ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইমাম, ওলামা ও মাশায়েখদের নিয়ে স্থানীয় কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল কাজল সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি, বিএনপির একাদশ সংসদ নির্বাচনের পদপ্রার্থী ওয়াদূদ ভূঁইয়া।
এসময় তিনি বলেন, বিএনপি দলটি জিয়াউর রহমানের সৃষ্টি। তিনি নিজেই ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংবিধানে সংযুক্ত করেছেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারকে তাড়াতে আমরা অনেক আন্দোলন-সংগ্রাম করেছি। গত ১৭ বছর কেউ ভোট দিতে পারেনি। একটি দল সামনের নির্বাচনকে ‘পিআর পদ্ধতির’ নামে ভোটকে নস্যাৎ করার পায়তারা চালাচ্ছে। আমরা তা হতে দেব না। তিনি আগামী দিনের ভোট ধানের শীষে হোক সকলের প্রতি এই আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইউছুপ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাওলানা কাজী সলিম উল্লাহ, মাওলানা আকতারুজ্জামান ফারুকী এবং মাওলানা হাফেজ ওমর ফারুক।
মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে ইমাম-ওলামা সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

