সর্বশেষ :
19 Oct 2026, Mon

লাইসেন্স ও অনিয়মের অভিযোগে পলাশবাড়ীতে ৪টি ক্লিনিক বন্ধের নির্দেশ

লাইসেন্স ও অনিয়মের অভিযোগে পলাশবাড়ীতে ৪টি ক্লিনিক বন্ধের নির্দেশ, কালের বার্তা

পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলায় তাওহীদ রহমানের মালিকানাধীন চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনুমোদনহীনভাবে চিকিৎসাসেবা পরিচালনা ও নানাবিধ অনিয়মের অভিযোগে বন্ধের নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

গত শনিবার (৮ নভেম্বর) সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় অবস্থিত নিউ লাইফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স না থাকা ও নানা অসঙ্গতি ধরা পড়ায় সিলগালা করা হয়।

একই সঙ্গে পলাশবাড়ী পৌরশহরে অবস্থিত তাওহীদ রহমানের বাকি তিনটি প্রতিষ্ঠান, জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নিউ লাইফ ক্লিনিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার এবং নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড কনসালটেশন সেন্টার।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও জেলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হুদা।

স্থানীয় সূত্র ও জেলা স্বাস্থ্য দপ্তরের অনুসন্ধানে জানা যায়, দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করে আসছিল। প্রসূতি ও নবজাতকের মৃত্যু, পাশাপাশি ভুল চিকিৎসা ও অবহেলার একাধিক অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

সর্বশেষ গত ৪ নভেম্বর পলাশবাড়ীর জনসেবা ক্লিনিকে সিজার অপারেশনের সময় অ্যানেসথেসিয়ায় গুরুতর অনিয়মের কারণে এক প্রসূতির মৃত্যু হলে বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর স্থানীয়দের তীব্র প্রতিবাদ এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রশাসন চারটি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেয়।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, নির্দেশনা অমান্য করে পুনরায় এসব প্রতিষ্ঠান চালু করার চেষ্টা করা হলে মালিকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চারটি প্রতিষ্ঠানের মালিক তাওহীদ রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *