সর্বশেষ :
19 Oct 2026, Mon

র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: দক্ষিণ কেরানীগঞ্জে তিন পেশাদার ডাকাত গ্রেফতার

র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি: দক্ষিণ কেরানীগঞ্জে তিন পেশাদার ডাকাত গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)। রোববার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল তাদের গ্রেফতার করে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. মিজানুর রহমান-এর নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খান-এর সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম সন্ধ্যা ৬:০০টা থেকে ৬:৩০টার মধ্যে ঝিলমিল এলাকায় অতর্কিত অভিযান চালিয়ে আসামীদের হাতেনাতে ধরে ফেলে।

গ্রেফতারকৃত তিন ডাকাত হলো: ১. আব্দুল হক স্বপন (৫৪) ২. মো. আনোয়ার হোসেন (৫৬) ৩. আবুল কালাম আজাদ ওরফে উথান (৫৪)

গ্রেফতারের সময় আসামীদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ভুয়া র‍্যাব সরঞ্জাম উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে, ৪টি কালো রঙের ‘র‍্যাব’ লেখা কটি (Vest), ১টি ওয়াকিটকি, ২টি প্লাস্টিকের পিস্তল ও ২টি পিস্তলের কভার, ১ জোড়া স্টিলের হ্যান্ডকাফ।

সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃত এই তিন আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র আইনের মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও দস্যুতা করে আসছিল।

এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ আসামীদের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *