শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ইউসূফ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা-পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খঞ্জনমারা/বাইশপাড়া ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। রৌমারী থানা-পুলিশের একটি চৌকস দল মো. জসির উদ্দিনের দোকানের সামনে অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে ইউসূফ আলীর হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতরে থাকা কালো জিপারযুক্ত একটি প্যাকেট থেকে কমলা রঙের মোট ৩ হাজার ৫০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইউসূফ আলী রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, রৌমারী এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। মাদক কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

