রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার সুখেরবাতী আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে বিদ্যালয়ের কক্ষে তালা ঝুলতে দেখা গেছে। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে কোনো শিক্ষক-শিক্ষার্থীকে পাওয়া যায়নি।
রোববার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে অনুসন্ধানকালে এ চিত্র দেখা যায়। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য সুজন আহমেদকে বাড়ি থেকে ডেকে এনে বিষয়টি যাচাই করা হয়।
এ সময় তিনি বলেন, বিদ্যালয়টি ১৯৮৯ সাল থেকে সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছিল। কিন্তু বর্তমানে বিদ্যালয়ের যে অবস্থা, তা আপনারা স্বচক্ষে দেখছেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) নাজমুল হাসান বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই তালা দিয়ে চলে যাওয়ার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।

