সর্বশেষ :
20 Oct 2026, Tue

রাঙামাটিতে বৃদ্ধকে গলাটিপে হত্যা: ঘাতকের যাবজ্জীবন সাজা

রাঙামাটিতে বৃদ্ধকে গলাটিপে হত্যা: ঘাতকের যাবজ্জীবন সাজা, কালের বার্তা

রাঙামাটি: রাঙামাটিতে বৃদ্ধ জেলেকে গলাটিপে হত্যা মামলায় অভিযুক্ত মূল আসামি জমর কান্তি চাকমাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেকের আদালত বুধবার (৪ নভেম্বর) দুপুরে এই রায় দেন। রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দণ্ডাদেশ প্রদান করেছেন।

রাঙামাটি জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা জয়নাল আবেদীন রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিগত ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাঙামাটির বিলাইছড়ি উপজেলাধীন সাক্রাছড়ি গ্রামের ধুপশীল তিনকুনিয়া ফরেস্ট অফিস এলাকায় স্থানীয় বাসিন্দা চিগোন কালা চাকমার সন্তান জমর কান্তি চাকমা ওরফে মেরাইয়া নামের এক যুবক সামান্য কথা-কাটাকাটির জের ধরে ৮৬ বছর বয়সী বৃদ্ধ আব্দুর শুক্কুরকে পা চেপে ধরে গলাটিপে হত্যা করে। এই ঘটনার পরের দিন ২৯ ফেব্রুয়ারি তারিখে জমর কান্তি চাকমাকে আসামি করে বিলাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়।

উক্ত মামলায় মেডিকেল রিপোর্টসহ সকল সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দীর্ঘ প্রায় ৫ বছর পর আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে দণ্ড বিধি ৩০২ ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন রাঙামাটির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক।

এর আগে এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জাহাঙ্গীর আলম কর্তৃক প্রদত্ত চার্জশিটে তিনি উল্লেখ করেন, উক্ত মামলার সার্বিক তদন্তে সাক্ষীদের জবানবন্দি, সাক্ষ্য-প্রমাণ ও ফরেনসিক মেডিকেলের ডাক্তার কর্তৃক প্রদত্ত ময়নাতদন্তের রিপোর্ট পর্যালোচনায় ঘটনার পারিপার্শ্বিকতা ও সার্বিক তদন্তে, উক্ত মামলার এজাহারনামীয় আসামি জমর কান্তি চাকমা ওরফে মেরাইয়া কর্তৃক ঘটনার বর্ণিত তারিখ ও সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিতভাবে ইচ্ছাকৃতভাবে ভিকটিম মৃত আব্দুর শুক্কুরকে প্রকাশ্য দিবালোকে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামি তাঁর দুই হাত দিয়ে গলা চেপে ধরে, দুই পায়ের হাঁটু বুকের উপর রেখে চেপে ধরে শ্বাস রোধ করে হত্যা করে। যা পরবর্তীতে আসামি ১৬৪ ধারার জবানবন্দীতে স্বীকার করেছে বলেও চার্জশিটে উল্লেখ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *