শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ অজিত পাত্র (৪৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার (২২ জুলাই) রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা-বাগান এলাকায় তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় অজিত পাত্রের বসতঘরের দক্ষিণ পাশের একটি কক্ষ থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, পুলিশের সিডিএমএস (CDMS) যাচাইয়ে গ্রেপ্তার হওয়া অজিত পাত্রের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

