সর্বশেষ :
20 Oct 2026, Tue

মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বেলাল আহমদ, লামা (বান্দরবান) প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ এবং দেশের সমবায় খাতে একমাত্র ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত সমবায় সমিতি লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর ৩১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সাধারণ সভায় সমিতির প্রায় চার হাজার নারী ও পুরুষ সদস্য অংশগ্রহণ করেন।

মৌচাকের প্রতিষ্ঠাতা ও সিইও এম. জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান মাস্টার আব্দুর শুক্কুর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হুমায়ুন খালিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), লামা। এছাড়াও উপস্থিত ছিলেন এমদাদ হোসেন মালেক (সভাপতি, সিএসএল ও সাবেক ভাইস চেয়ারম্যান, কালব লি.), আশিষ কুমার দাশ, মো. আবদুস ছাত্তার ভূঁইয়া, নুর মোহাম্মদ, মো. শফিউল আলম (সকলেই কালব লি.-এর সাবেক পরিচালক) এবং সমিরণ কান্তি দাশ, জেলা ব্যবস্থাপক, কালব লি.।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও ইসলামী শরীয়াহ বোর্ডের সদস্য সচিব মোহাম্মদ ইয়াহিয়া, শরীয়াহ বোর্ডের সদস্য মাওলানা মোহাম্মদ আজিজুল হক ও মাওলানা জহুরুল হক, সাবেক সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম, মাস্টার হাবিবুর রহমান (সেক্রেটারি, মৌচাক), ব্যবস্থাপনা পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সাধারণ সভায় সদস্যদের স্বাক্ষর গ্রহণ, ধর্মীয় গ্রন্থ পাঠ, সভাপতির স্বাগত বক্তব্য, বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদনসহ ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়া ২০২৪–২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আয়-ব্যয় হিসাব অনুমোদন, লভ্যাংশ বণ্টন প্রস্তাব অনুমোদন, ২০২৪–২০২৫ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৫–২০২৬ ও ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

মৌচাক সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি ১৯৯২ সালের ১ জুলাই ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে সাধারণ ও শিশু সদস্য মিলিয়ে সদস্য সংখ্যা প্রায় ১৪ হাজার। সমবায় সমিতিটির বর্তমান মূলধন প্রায় ৬৫ কোটি টাকা।

সভায় মৌচাক এগ্রো সার্ভিস, মৌচাক পরিবহন ব্যবসায় বিনিয়োগ, সিএসএল-এর সদস্যপদ লাভসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়। এ ছাড়া র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে ১৪৫ জন ভাগ্যবান সদস্য পুরস্কার লাভ করেন। পাশাপাশি নিয়মিত সাধারণ ও শিশু সদস্যদের মধ্য থেকে ১০ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সিইও এম. জয়নাল আবেদীন বলেন, ‘টেকসই ক্রেডিট ইউনিয়ন’ গড়ার স্বপ্ন নিয়ে সদস্যদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মৌচাক যাত্রা শুরু করে। আজকের এই সফলতার অংশীদার সংগঠনের সকল সদস্য, পরিচালনা কমিটি ও কর্মকর্তা-কর্মচারীরা। ভবিষ্যতে আরও নতুন উদ্যোগ নিয়ে মৌচাক এগিয়ে যাবে- এটাই আমাদের স্বপ্ন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *