নিজস্ব প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শাহাদাৎ হোসেন (৩৩) নামে এক ওষুধ বিক্রয় প্রতিনিধির মৃত্যু হয়েছে। রোববার (৩১ আগষ্ট) সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত শাহাদাৎ হোসেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আলীপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস এর নবাবগঞ্জ উপজেলার বান্দুরা এলাকায় কর্মরত ছিলেন।
সূত্র জানায়, গত শনিবার (৩০ আগস্ট) সকালে ঢাকার অফিস থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল বান্দুরা ফিরছিলেন। পথে ঢাকা-বান্দুরা কলাকোপা আমতলা বাসস্ট্যান্ড এলাকার সড়কে ঘুমিয়ে থাকা কুকুরের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে মারাত্মক আহতাবস্থায় স্থানীয়রা তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক তাঁর অবস্থা অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরের দিকে শাহাদাৎ হোসেন মারা যান।
নবাবগঞ্জ উপজেলা ওষুধ বিক্রয় প্রতিনিধিদের সংগঠন ‘ফারিয়া’র কর্মকর্তা মশিউর রহমান ফারুক জানান, ফারিয়া’র সদস্য ছিলেন শাহাদাৎ হোসেন। তিনি ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস এর নবাবগঞ্জের বান্দুরা এলাকায় কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী আটমাসের অন্তঃসত্ত্বা। তাঁর মৃত্যুতে ফারিয়ার সকল সদস্য শোকাহত।
তিনি আরো জানান, রোববার সকালে শাহাদাৎ হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসময় ফারিয়া’র পক্ষ থেকে মরহুমের পরিবারে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সন্ধ্যায় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সে যেহেতু আমার সহকর্মী তাঁর পরিবারের জন্য আমাদের সমবেদনা থাকবে।

